ভারতে দুই বছর কারাভোগ শেষে বাংলাদেশী এক শিশু ও ৪ নারী দেশে ফিরল। সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ।
এরা হলেন- যশোরের শার্শা উপজেলার সেলিনা (৩০) ও তার শিশুপুত্র মজিদ (৯), মনিরামপুর উপজেলার মিলি (৩৩), তাছলিমা (২২) ও শাহানারা (২৮)।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুই বছর আগে বেনাপোল সীমান্তের অবৈধ পথে ভারতে যায় তারা। ভারতের মহারাষ্ট্র প্রদেশে বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখানে ২ বছর জেলহাজতে থাকে তারা।
পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি বিনিময়ের একপর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার সন্ধ্যায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
পোর্ট থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শিশুসহ ৪ নারীকে ‘ওয়ার্ল্ড ভিশন’ এনজিও নামের এক সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার বিকালে আরও ৬ বছর জেল খাটার পর সঞ্জিত বিশ্বাস (৩২), রাকিব সরদার (২৪) ও উজ্জ্বল দে (২৭) নামে তিন যুবককে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছিল।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





