চট্টগ্রামে ব্যবসায়ী রোকনুজ্জামান হত্যা মামলায় দুই আসামি পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ও কনস্টেবল মোসলেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে তাদের আদালতে হাজির করা হলে মহানগর হাকিম রহমত উল্লাহ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার সন্ধ্যায় এস আই আমির হোসেন ও কনস্টেবল মোসলেমকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

গত ১৮ জুন রাতে নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড থেকে গ্রেফতারের পর পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে আবাসন ব্যবসায়ী রোকনুজ্জামানের মৃত্যু হয়। ২৫ জুন রোকনুজ্জামানের স্ত্রী শিমু আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন, বাকলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ এনায়েত হোসেনসহ ১০ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।

পরে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার প্রেক্ষিতে সোমবার বিকালে নিহতের স্ত্রী নগরীর বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)// জেএ