ময়মনসিংহে যাকাত আনতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক বরাবর ৩০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী প্রতিবেদন জমার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।

প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। তিন সদস্যের তদন্ত কমিটিতে মল্লিকা খাতুনকে আহ্বায়ক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম ফয়জুল হক ও তৌহিদুল ইসলামকে সদস্য করা হয়।

ময়মনসিংহ জেলা শহরের অতুল চক্রবর্তী রোড়ে নূরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিকের বাসায় শুক্রবার ভোর ৫টার দিকে যাকাতের কাপড় আনতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ২৭ নারী ও শিশু নিহত হয়।

এই ঘটনায় ইতিমধ্যে একটি মামলা হয়েছে। এতে নূরানী জর্দ্দা কারখানা মালিক মো. শামীম তালুকদারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এএইচ