বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী কদমতলী এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের জন্য তাদের মাঝে ‘আয় বৃদ্ধিকারী উপকরণ ও নগদ অর্থ প্রদান’ করেন। দরিদ্র এসব ক্ষতিগ্রস্থ মানুষের পূনর্বাসনের লক্ষ্যে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। এসময় আরও
উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা খন্দকার এমদাদুল হক, আবু হাসান সরকার, এম উদ্দিন, যুবায়ের সরকার, শাহিন আহমদ খান, থানা সেক্রেটারি এম আর তালুকদার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত একটি আদর্শবাদী সংগঠনের নাম। আমাদের নিয়মিত কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী হচ্ছে ‘সমাজ সেবা ও সংস্কার’ কাজ পরিচালনা করা। মানুষের পাশে গিয়ে তাদের সেবা ও সহযোগিতা করার অংশ হিসেবে আজকের এই আয়োজন। পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। আমরা যেন সঠিক ভাবে রমজানের সিয়াম সাধনা করতে পারি এবং তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর ক্ষমা ও মাগফেরাত লাভ করতে পারি।
সেই লক্ষে যারা ক্ষতিগ্রস্থ তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে, তাদের পুনর্বাসনের জন্যে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টা চালানো হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সরকারের উচিৎ ছিলো এসময় দেশের মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা অথচ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমতাবস্থায় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
দেলাওয়ার হোসেন বলেন, জামায়াত ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। গত বছর করোনা পরিস্থিতিতেও আমরা সর্বাত্মকভাবে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এবছরও চলমান বিপর্যয়ে মানুষের পাশে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা নিয়ে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, আমরা সবসময় জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করি। শুধু আমরা না আমাদের সবাইকে মানবতার সেবায় কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, নানাবিধ বাঁধা ও প্রতিক‚লতার মাঝেও বাংলাদেশ জামায়াতে ইসলামী অটোরিকশা, ইঞ্জিন চালিত রিকশা ভ্যান, ব্যবসায়ীক পুঁজি হিসেবে নগদ অর্থ সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি সকল সংকটে সামর্থবান সবাইকে অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান।
এএস





