সিইসি বলেন, সবাই স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন। এই নির্বাচন স্বার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করেন তিনি।
আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন এ এম এম নাসিরউদ্দিন।
বার্তায় গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করেন সিইসি। তিনি বলেন, জুলাইযোদ্ধাদের রক্তের বিনিময়েই আজ দেশ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
ভোটদান নাগরিকের দায়িত্ব আখ্যা দিয়ে দেশবাসীর উদ্দেশে সিইসি বলেন, ভোট দেওয়া কেবল একটি নাগরিক অধিকার নয়, এটি একটি বড় দায়িত্ব। সচেতনভাবে এই দায়িত্ব পালনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসতে হবে। উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য। তাই নির্বাচনের জয়-পরাজয়কে সহজভাবে গ্রহণ করার মানসিকতা রাখতে হবে।
সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং পর্যবেক্ষকদের ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে এই নির্বাচনে কাজ সার্থকভাবে সম্পন্ন করার অনুরোধ করেন। তিনি বলেন, কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও বাহিনীকে সাধারণ জনগণের পক্ষ থেকে সহায়তা করার আহ্বান জানানো হয়।
ভাষণে তিনি বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই নির্বাচনকে সার্থক করে তুলবে।
এস