শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদী ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। জাপান-বাংলাদেশ আন্তর্জাতিক বন্ধুত্ব প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে রেড ক্রিসেন্টের আদর্শ, উদ্দেশ্য এবং জরুরি ও প্রাথমিক চিকিৎসাসেবা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ফারুক ইকবাল পলো, মৃণাল কান্তি রায় এবং ইউনিট অফিসার আব্দুল মোতালেব এ প্রশিক্ষণটি পরিচালনা করেন। জেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন। এসময় রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই