ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা তাকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পুত্রবধু পেপ্পি সিদ্দিক।
এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৮০ হাজার ভক্তের অংশগ্রহণে এক প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ ফ্রান্সিস।বিকেলে কাকরাইলের রমনা ক্যাথিড্রালে যান পোপ ফ্রান্সিস। সেখানে আর্চবিশপ হাউজে তিনি বিশপদের সঙ্গে বৈঠক করেন। এরপর পোপ ফ্রান্সিস সেখানে একটি আন্তঃধর্মীয় সভায় অংশ নেন।
তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সফরের শেষ দিন শনিবার সকালে ক্যাথলিক প্রধান ধর্মগুরু তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শন করবেন।
এরপর তিনি তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরে নটর ডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন পোপ ফ্রান্সিস।
বিকাল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ মার্চ ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস।
এমএ





