চাঁদপুরের পৃথক ২টি স্থানে ট্রাক ও বাসের চাপায় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁনখার ও হাইচর উপজেলার ওয়াবদা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে হাইচর উপজেলার আলগী গ্রামের কবির শেখের ছেলে আবদুল কাদের (৩০) ভ্যান নিয়ে যাওয়ার সময় বাবুরহাটগামী একটি বালুবাহী ট্রাক ওয়াবদা গেট এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। নিহত কাদের অলেম্পিক কোম্পানির ডিলারের ভ্যান চালক ছিলেন।
অপরদিকে, সকাল ৯টার দিকে চাঁদপুর কুমিল্লা- মহাসড়কের চাঁনখার থেকে কুমিল্লাগামী একটি বাস বৃদ্ধ বারেক ছৈয়ালকে (৬৫) চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধ বারেক ছৈয়ালের বাড়ি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি গ্রামে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইয়ুম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃদ্ধের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে ভ্যান চালকের লাশ ময়নাতদন্ততের জন্য চাদঁপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





