যশোরের বেনাপোল পর্যটন মোটেলে ট্যাক্সিচালক খুনের ঘটনায় গ্রেফতার নীলাকে দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সোমবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হাইয়ের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক দুই দিনের মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোমিন শেখের ছেলে ট্যাক্সিচালক সুমন শেখ ও চৌগাছার সলুয়া গ্রামের মনিরুল বিশ্বাসের মেয়ে নীলা বেগম নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। এ পরিচয়ে তারা বেনাপোল পর্যটন মোটেলের ২০৭ নম্বর কক্ষ ভাড়া নেন। এরপর রাত ১০টার দিকে মোটেলের নিচ থেকে সুমন শেখের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই বিপ্লব শেখ বাদী হয়ে নীলার নাম উল্লেখপূর্বক কয়েকজনকে অজ্ঞাত আসামি করে পোর্ট থানায় মামলা করেন। ওই রাতেই পর্যটন মোটেল থেকে নীলাকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যা রহস্য উন্মোচনের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন জানালে আদালত দুই দিনের মঞ্জুর করেন।