অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় ১২টি ফার্মেসিকে জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নগরীর কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

এ অভিযানে চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।

তিনি জানান, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর ১২টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য নগরীর দেওয়ান বাজার, এনায়েত বাজার ও বাকলিয়া এলাকার নয়টি ফার্মেসিকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় তিনটি ফার্মেসি সিলগালা করা হয়েছে।

জরিমানা করা ফার্মেসিগুলো হল- মেসার্স মতিয়ার রহমান মেডিকেল স্টোর, মেসার্স চৌধুরী মেডিকেল হল, মেসার্স হোয়াইট হর্স ফার্মা লিমিটেড, মেসার্স সেবা মেডিকো, মেসার্স কিউ এস ফার্মেসি, মেসার্স আলো মেডিকো, মেসার্স আর এন মেডিকো, মেসার্স ইউনিভার্সাল মেডিসিন এবং এস এম ড্রাগ হাউজ। এ ছাড়া দীর্ঘদিন ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় মেসার্স সেবা মেডিকো, মেসার্স ইউনিভার্সাল মেডিসিন এবং মেসার্স চৌধুরী মেডিকেল হল সিলগালা করা হয়েছে।

জেআই