আসামি ধরতে গিয়ে আশুলিয়ায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শুক্রবার দুপুর বারোটার দিকে সাভারের আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগজিন ও ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ৫ জনকে।

আটকরা হচ্ছেন, নজরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান রতন, জসিম মাস্টার ও আবুল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আউকপাড়া এলাকার আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।

এসময় পুলিশ ওই এলাকার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে আটকদের পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে এলাকাবাসী বাধা দেয়। এলাকাবাসীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডতার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

খবর পেয়ে আশুলিয়া থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে সহকারী পুলিশ সুপার রাসেল শেখ, ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মীর শাহিন শাহ পারভেজ, ডিবির উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, এস আই তৌহিদুল ইসলামসহ পুলিশের ৫ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ৩টি বিদেশী পিস্তলসহ ৫ জনকে আটক করে পুলিশ।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ