চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বঙ্গোপসাগরে ৩১ জেলে হত্যা মামলার আসামি মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছেন।

আজ (২৬ জানুয়ারি) রোববার ভোরে বাঁশখালী উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ আলম বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, নিহত মোরশেদ আলমের বিরুদ্ধে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে।

র‍্যাব-৭’র সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর তার লাশ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শ্যুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রামদা জব্দ করা হয়।

এমবি