শিক্ষা ও সাস্থ্য মন্ত্রনালয়কে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

তিনি বলেন, এখানে এত বেশী দুর্নীতি রয়েছে যা বলার ভাষা নেই। এ দুটি প্রতিষ্ঠানে দেশের সব শিক্ষিত মানুষ কাজ করেন। তারা আইন মানতে চান না। তারা বাইম মাছের মতো পিছলে যান। তাদের ছাই দিয়ে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারেন।’

মঙ্গলবার সকালে রংপুরের বেগম রোকেয়া মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ডকুমেন্ট না পাওয়ার কারণে দুদকের মামলার দীর্ঘসূত্রতা হয়। এছাড়া আইনী সীমাবদ্ধতাও আছে।আইন মন্ত্রণালয় দুদক আইন গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

দুদক চেয়ারম্যান এক প্রশ্নের জবাবে বলেন, ‘দেশের কতিপয় সচিব মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে দেশকে এবং দেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। তাদের অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন সনদ জালিয়াতি ধরা পড়ায়।’

রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মোজাম্মেল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের জেলা সমন্বয় কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক প্রমুখ।

ইআর