ফরিদপুরের সালথায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ভাংচুর হয়েছে ১৫টি বসতবাড়ি।

মঙ্গলবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গট্টি ইউপি সদস্য মো. নুরুদ্দীন মাতুব্বরের সমর্থক টুকু সরদার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. ওদুদ মাতুব্বরের সমর্থক লাল মিয়ার মধ্যে মোবাইল ফোনের মেমোরি কার্ড বেচাকেনা নিয়ে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সড়কি, ঢাল, বল্লম, রামদা, ইট ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। গুরুতর আহত ১৩ জনকে ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের ১৫ বসতবাড়িতে হামলা করে ঘর ও আসবাব ভাংচুর করা হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সালথা থানার অফিসার ইন চার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের মারমুখী অবস্থান এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় ২১ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। থানায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ