মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম.এ হান্নানকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি ময়মনসিংহ জেলা শাখা।
শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে সংগঠনটি।
ঘাতক দালাল নিমূল কমিটি ময়মনসিংহ জেলা সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘাতক দালাল নিমূল কমিটি ময়মনসিংহ জেলা সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ঘাদানিক এর ময়মনসিংহ সদর উপজেলা সেক্রেটারী আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামী আইন ছাত্র পরিষদের জেলা সভাপতি সুমন চন্দ্র ঘোষ, বঙ্গবন্ধু শিশু একাডেমীর ময়মনসিংহ জেলা সেক্রেটারী শরীফুল ইসলাম সরকার, ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা ভাষ্কর ধর, আবু কাউছার মিলন, এফ.এম আনোয়ার হোসেন বাবু, ইঞ্জি: ইমতিয়াজ আহমেদ বুলবুল, আনিসুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিলম্বে হান্নানের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, এম.এ হান্নান ময়মনসিংহ শহরসহ বিভিন্ন উপজেলায় গণহত্যা চালিয়েছে ও গণহত্যায় নেতৃত্ব দিয়েছে। তারা বলেন, বাংলাদেশে ঘাতকদের বিচার হচ্ছে, এই রাজাকার হান্নানকেও রেহায় দেওয়া হবে না। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, গত ১৯ শে মে ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে এম.এ হান্নানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক আহসান হাবিব মামলাটি আমলে নিয়ে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান।
মামলার বিবরণীতে বলা হয়, ১৯৭১ সালে আব্দুল হান্নান (এম.এ.হান্নান) ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পাক বাহিনীকে সক্রিয় সহায়তা করেন।
ইআর





