সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে নিজ বাসভবন থেকে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তাঁর। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন তিনি। সেখানে মধ্যাহ্নবিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের বিভিন্ন কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর।

সফরের সব কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে থাকবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

এনএইচ