বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট

আগামী ২২ অক্টোবর থেকে দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এদিকে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের প্রথম দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে দাম্মামগামী ফ্লাইটও বাতিল করা হয়।

এস