ঢাকার সাভারে যাত্রীবাহী বাসের চাপায় সুরাইয়া (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
আজ (০৫ জুলাই) রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া মানিকগঞ্জ জেলা থানার আটি গ্রামের আব্দুর সাত্তার খানের মেয়ে। তিনি সাভারের অবনী ফ্যাশন নামের পোশাক কারখানায় অপারেট হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে কারখানায় যাওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন সুরাইয়া। এসময় অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
এমবি





