আসন্ন পৌর নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে এসে প্রার্থীদের বাধার মুখে পড়ার যে অভিযোগ উঠেছে তা কিছুটা সত্য হলেও পুরোটা নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

২৪ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩৫ পৌরসভায় রিটার্নিং অফিসারের কাছে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জম দেয়ার শেষ সময় বৃহস্পতিবার।

কিছু জায়গায় বিএনপির প্রার্থীরা প্রতিপক্ষের বাধার সম্মুখীন হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ভোট অবাধ, নিরপেক্ষ করার জন্যে যা যা করা দরকার আমরা করে যাচ্ছি। দুয়েকটি জায়গা থেকে খবর এসেছে মনোনয়নপত্র জমা দিতে প্রতিপক্ষ বাধা দিচ্ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি বিষয়গুলো সম্পূর্ণ সত্য নয়।

চাঁদপুরের মতলব উত্তর ও চট্টগ্রামের রাউজানে এমন একটি অভিযোগের বিষয়ে শাহনেওয়াজ বলেন, প্রকৃতপক্ষে সে ধরনের কোনো ঝামেলা হয়নি। অভিযোগগুলো পুরোপুরি সত্য আমি বলবো না, সামান্য হয়ত দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

শাহনেওয়াজ বলেন, যারা অভিযোগ করেছে তাদের বিষয়টি দেখেছি। কেউ কেউ শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করে যাচ্ছে। আবার কিছুটা সত্যতাও রয়েছে। এখন পর্যন্ত আর কোথাও অসুবিধা হচ্ছে বলে জানা নেই।

বাধা পেয়ে মনোনয়ন জমা দিতে না পারলে তাদের জন্য ইসির পদক্ষেপ কী জানতে চাইলে তিনি বলেন, আইনে বাইরে আমরা কারো জন্য কিছু করবো না। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। কেউ প্রতিপক্ষের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মনোনয়ন জমা দিতে পারবে না এমন ঘটনা ঘটবে না ।

তারপরও স্থানীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি এ ধরনের ঘটনা থাকলে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা আশা করছি, এ ধরনের বাধার সৃষ্টি হবে না।

ইতোমধ্যে ইসির সমালোচনা করে নিজেদের আস্থাহীনতার কথা জানিয়েছে বিএনপি। সব দলকে আস্থায় ফেরাতে কী উদ্যোগ নিয়েছেন জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, দল, প্রার্থী সবাইকে সমান সুযোগ দিতেই আচরণবিধি করেছি। সেভাবে এগিয়ে যাচ্ছি। নির্বাচনটা হওয়ার আগেই যদি কোনো দল অসন্তোষ ও অবিশ্বাস তৈরি করে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। ইসির প্রতি আস্থা রেখে তাদের সুবিধা-অসুবিধা জানাতে হবে।

প্রার্থীদের প্রচারণার সময় নিয়ে শাহনেওয়াজ বলেন, ভোটের ২১ দিন আগে কোনো প্রচার নয়। কেউ বিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেব না, এটা বাস্তবে দেখিয়ে দেয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছি।

অনেক এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দেয়া হলেও নির্বাচন কমিশনে বিকেল পর্যন্ত এ নিয়ে বড় ধরনের অভিযোগ আসেনি বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

এমএইচ