নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদের বুধবার থেকে বগুড়ায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে।
সোমবার সকাল ৯টায় সারাদেশে চলমান হরতালের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন ২০ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক একের পর এক মামলার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।
এর আগে, সোমবার সকাল ৯টায় শহরের খান্দার এলাকা থেকে ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সুত্রাপুর এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, রোববার সন্ধ্যার পর থেকে শহরের ফতেহ আলী মোড়, পিটিআই মোড়, মফিজ পাগলার মোড়, সাতমাথা, কাঁঠালতলা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেআই





