রাজধানীর পল্লবী এলাকায় মেহেদী হাসান (১৫) নামে এক স্কুল ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত নয় টার দিকে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান পল্লবী এলাকার মোহাম্মদ মোশারফ হোসেনের ছেলে। সে মিরপুর ১১ নম্বর সেকশনের সি-ব্লক ১০ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো।
পল্লবী থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করে জানায়, মেহেদী স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায় নি।
এদিকে মেহেদীর চাচা এম এ লতিফ জানান, পাশের একটি বাসায় গণ্ডগোলের শব্দ শুনে গিয়ে দেখি মেহেদী অচেতন পড়ে আছে।
দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীর মৃত্যু নিশ্চিত করেন।
ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ





