সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। এদের মধ্যে মজিবুর রহমান গাড়ি চালাচ্ছিলেন। আহত দুজন হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।
নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ ৫ জন প্রাইভেট কার নিয়ে সাভার যাওয়ার পথে বলিয়ারপুরে সাভারমুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় সি-লাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে মজিবুর মামাসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত বাসচালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় সেখানে যাচ্ছি।
এনএইচ





