জামায়াত নেতা ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান মুন্সীকে ফের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে সাইদুর রহমান মুন্সিকে দ্বিতীয় বারের মতো বরখাস্ত করা হলো। এর আগে একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হওয়ায় ২০১৫ সালের নভেম্বরেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার সাময়িক বরখাস্তের আদেশটি বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে আসে। পরে আদেশটি সাদুল্লাপুর উপজেলা পরিষদে পাঠানো হয়।
তিনি আরও জানান, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লবকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এক পরিপত্রে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।
একই সঙ্গে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই সময় দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা প্রশাসক।
২০১৩ সালের ১৩ ডিসেম্বর সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব উপজেলার জামালপুর বাজারে জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীদের হামলায় আহত হন। এ ঘটনায় বিপ্লব বাদী হয়ে থানায় ২৯ ডিসেম্বর হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ উপজেলা সাইদুর রহমান মুন্সীসহ ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ বিষয়ে সাইদুর রহমান মুন্সী বলেন, আমি গত ৩০ অক্টোবর ঢাকায় চিকিৎসার জন্য এসেছি। আজ টিভি স্ক্রলে দেখে অনেকে বরখাস্তের বিষয়টি ফোন দিয়ে আমাকে জানান। পরে ডিসি অফিসে ফোন দিয়েও একই তথ্য জেনেছি। তিনি বলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সভাপতি সামছুল হল ও যুবলীগের সহসভাপতি মনোয়ার হোসেন জীম( সাবেক চেয়ারম্যান) এর আবেদনের প্রেক্ষিতে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়। তিনি বলেন, আমি আসলে জানিনা আমার বিরুদ্ধে তাদের অভিযোগটা কী।
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বর মাসে একটি হত্যা চেষ্টা মামলার বিষয় উল্লেখ করে তাকে বরখাস্ত করা হয়েছিল।
জারিফ





