নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাহবুবুর রহমান (৩৫) নামে চট্টগ্রামের এক কাপড় ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় রবিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের ভায়রা-ভাই আনোয়ার হোসেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে মাহবুবুর রহমান নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মাহবুবুর রহমান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চাকামঈয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামের ইসমাঈল মুন্সীর ছেলে।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ মাহবুবুর রহমান চট্টগ্রাম ফ্রি বোর্ড এলাকায় বসবাস করেন এবং সেখানে একটি দোকান ঘর ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করেন। মাঝে মাঝে তিনি সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় এসে তার ভায়রা-ভাই আনোয়ারের বাড়িতে রাত্রিযাপন করেন ও পাইকারি কাপড় ক্রয় করে চট্টগ্রাম চলে যান।
১ মার্চ তিনি আনোয়ারের বাসায় আসেন। রাতে থেকে পরের দিন সকাল সাড়ে ৮টায় কাপড় ক্রয়ের জন্য বের হয়ে যান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তার সঙ্গে কাপড় ক্রয়ের বেশ কিছু টাকা ছিল। তার মুঠোফোনে সংযোগ পাওয়া গেলেও ফোন রিসিভ করছে না তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, এই ঘটনায় থানায় জিডি করা হয়েছে। নিখোঁজের খোঁজে পুলিশ কাজ করছে। কী কারণে সে নিখোঁজ হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
এএস





