রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত পাঁচ ছাত্রশিবির কর্মীসহ ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার (২২ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিবির ও জামায়াত কর্মীরা হলেন- লালমনিরহাট হারাহাটী গ্রামের মৃত গোলাম আলীর ছেলে শিবির কর্মী মফিজুল ইসলাম (২৪) একই এলাকার মঞ্জুরুল হকের ছেলে শিবির কর্মী মোফাজ্জর হোসেন (২৫), সোলাইমান গনির ছেলে শিবির কর্মী আবদুস সোবান (২৪) ও মোরশেদুল ইসলামের ছেলে শিবির কর্মী রাশেদুল ইসলাম (২৩) এবং মিঠাপুকুর উপজেলার মানিক বোড়া গ্রামের আজিজুল হকের ছেলে দোলেয়ার হোসেন (৩৮) জামায়াত কর্মী।
পীরগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে মামলা থাকায় চার ছাত্রশিবির ও এক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট প্রদান করা হয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমআইএস





