করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বের যেকোনো দেশ থেকে কেউ বাংলাদেশে ঢুকলে বন্দরে ‘স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এতদিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হতো।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় তিনজন রোগীর করোনা পরীক্ষা করা হয়। এছাড়াও ইতোমধ্যে পরীক্ষা করা বাদবাকি ৫২ জনের শরীরেও করোনা সংক্রামনের কোনও খবর পাওয়া যায়নি। বিমান বন্দরে এখনও পযন্ত প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে স্ক্রিনিং করা হয়েছে বলে জানানো হয় ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, শনিবার পর্যন্ত নতুন করে ৮৬ জন মারা গেছেন, যাদের ৮১ জনেই হুবেই প্রদেশের।
সেইসঙ্গে নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৩৯৯ জন। এনিয়ে চীনজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৪৬ জনে দাঁড়ালো।
এএস





