যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়ে।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কুড়িগ্রামের উলিপুর থেকে ১৩ জানুয়ারি রাতে খলিল এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস ঢাকায় যাওয়ার পথে রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাট বাতাসন এলাকায় পেট্রোলবোমা মেরে এক শিশুসহ ৬ জনকে হত্যা করা হয়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৭ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামী করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে মিঠাপুকুর থানা পুলিশ। এ হত্যা মামলায় মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের চারজনকে গ্রেফতার করে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নাশকতার অভিযোগে রংপুরের পীরগাছা থানা পুলিশ জামায়াত-শিবিরের ১২ জন, বদরগঞ্জ থানা পুলিশ জামায়াতের একজন এবং কোতয়ালী থানা পুলিশ বিএনপির দুজনকে গ্রেফতার করেছে।

এ ছাড়া জেলা পুলিশ একই সময়ে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আরও ৩৪ জনকে গ্রেফতার করেছে। তিনি জানান, এই ৩৪ জনের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, হত্যা, খুন, ডাকাতি, ছিনতাইসহ জিআর ও সিআর মামলা রয়েছে।

এআর