কুমিল্লার চান্দিনায় মো. মহিউদ্দিন (১০) নামে এক ছাত্রকে মারপিট করার দায়ে আফসার উদ্দিন (২৫) নামে এক শিক্ষকের তিন দিনের কারাদণ্ড ও নগদ পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলা সদরের ‘মিশন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। মো. মহিউদ্দিন চান্দিনার হারং গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
সাজাপ্রাপ্ত শিক্ষক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিমব্লক এলাকার আবুল কাশেমের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ জানান, দুপুরে মিশন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্লাসে দুষ্টুমি করার অভিযোগে দ্বিতীয় শ্রেণির ছাত্র মহিউদ্দিনকে বেধড়ক মারপিট করেন শিক্ষক আফসার উদ্দিন।
এ খবর পেয়ে বাবা আলমগীর হোসেন স্কুলে এসে ছেলেকে হাসপাতালে নিয়ে যান। এরপর তিনি চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
পরে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচশত টাকা জরিমানা করেন।
কেএইচ





