পাবলিক সার্ভিস কমিশন- পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাদিক।

তিনি বর্তমান চেয়ারম্যান ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। গত ১৩ এপ্রিল ইকরাম আহমেদের চাকরির মেয়াদ শেষ হয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মোহাম্মদ সাদিক পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়োগ আদেশে বলা হয়েছে, সদস্য থেকে পদত্যাগ করা সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে।

পিএসসির চেয়ারম্যান একটি সাংবিধানিক পদ। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান নিয়োগ দেন। শিগগিরই মোহাম্মদ সাদিক প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন।

নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৫ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত মোহাম্মদ সাদিক এ পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০১৪ সালের ২৭ অক্টোবর অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অবস্থায় শিক্ষা সচিব মোহাম্মদ সাদিককে পিএসসির সদস্য নিয়োগ দেয়া হয়।

এর আগে তিনি নির্বাচন কমিশনেও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ সাদিক বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। তার দেশের বাড়ি সুনামগঞ্জে।

ওএফ