বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ইনফ্যান্তিনো। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন।
অপরদিকে, বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।
ফিফার পক্ষ থেকে শেখ হাসিনার নাম লেখা নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন ইনফ্যান্তিনো।
প্রধানমন্ত্রীও ইনফ্যান্তিনোর নাম খেলা লাল সবুজ বাংলাদেশ দলের একটি জার্সি উপহার দেন ফিফা প্রেসিডেন্টকে। এসময় আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাফুফে কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে ইনফ্যান্তিনোর। এরপর বেলা ২টা ২০ মিনিটে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন ফিফা সভাপতি।
সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ বিকেল পাঁচটায়ই লাওসের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিফা প্রেসিডেন্ট। ঢাকায় পৌঁছেই বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করলেন ফিফা সভাপতি।
বিমানবন্দরে ইনফ্যান্তিনো বলেন, “সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো।”
এমবি





