গত তিন সপ্তাহ আগে নির্মিত সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে লুপ লাইনে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।এতে সিরাজগঞ্জের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে লোকাল ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে পৌছে। যাত্রী নামার পরই সদ্য নির্মিত লুপ লাইনে ইঞ্জিনটি ঘুরানোর সময় ইঞ্জিনটি ক্রসিং পয়েন্ট থেকে ফেরার সময় লাইনচ্যুত হয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়েন্টম্যান পয়েন্ট ঠিক না করায় ইঞ্জিনটি অন্য লাইনে ঢুকে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আরও জানা গেছে, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও তিনি জানান।
ট্রেনের চালক খলিলুর রহমান জানান, ক্রসিং পয়েন্টের ত্রুটিও লাইনের অংশে পাথরের জায়গায় ফাকা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জারিফ





