রংপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৮৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার খোর্দ্দশান্তিপুর গ্রামের হাজী মো.রোস্তম আলীর ছেলে জামায়াত কর্মী মো.জামিল মিয়া (৪৫) সন্তোষপুর গ্রামের মৃত আবদুল মান্নাননের ছেলে শিবির নেতা মো.বিপ্লব মিয়া(৩৮)।

মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো.মহিদুল ইসলাম জানান, নাশকতার ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াত-শিবিরের ২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। কিন্তু এসব আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেপ্কারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

এমই