যশোরের বাঘারপাড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকালে আটক পুলিশ সদস্য থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- যশোরের বাঘারপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) কাইয়ুম আলী সরদার, একই থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন ও কনস্টেবল ওলিয়ার রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, ছিনতাইয়ের ঘটনায় আটক পুলিশ সদস্য থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ায় বাঘারপাড়া থানার ওই তিনজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বাঘারপাড়ার ভিটাবল্যা পুলিশ ফাঁড়ি ইনচার্জ তরুণ কুমার জানান, বুধবার উপজেলার ধলগ্রাম রাস্তার মোড়ে ডিবি পুলিশ পরিচয়ে ৫/৭জনের একটি দল প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৩-৯৫৪০) গতিরোধ করে ছিনতাই করছিল। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমান নামে একজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়।
আটক মিজানুর নড়াইলের নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে ও যশোরের ঝিকরগাছা থানার কনস্টেবল।
আটক কনস্টেবল মিজানুরকে বাঘারপাড়া থানায় আনা হলে বৃহস্পতিবার ভোরে তিনি সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাঘারপাড়া থানায় তদন্তে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক ও সহকারী পুলিশ সুপার শেখ বেলাল হোসেন।
প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে থানার ওসি কাইয়ুম আলী সরদার, এএসআই নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমানকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
কেএইচ





