বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক বলেছেন, বর্তমানে বিজেএমএ’র আওতাধীন ৩৫টি ও বিজেএসএ’র আওতাধীন ২৬টিসহ মোট ৬১টি মিল বন্ধ রয়েছে। বেকার শ্রমিকের সংখ্যা বিজেএমএ’র ৪৭ হাজার ৬৮২ জন এবং বিজেএসএ’র আট হাজার ৪৭৫ জনসহ মোট ৫৬ হাজার ১৫৭ জন।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিজেএমসি’র আওতাধীন কোনো পাটকল বন্ধ নেই বিধায় কোনো শ্রমিক বেকার নেই। বর্তমানে দেশে ২০৯টি পাটকল চালু রয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টরে চালু মিল বিজেএমএ’র আওতাধীন ১০৪ এবং বিজেএসএ’র আওতাধীন ৮০টিসহ মোট ১৭৪টি জুট মিল রয়েছে। মিলসমূহে হেসিয়ান, সেকিং, সিবিসি (কার্পেট বেকিং ক্লথ), কার্পেট, ইয়ার্ন/টোয়াইন উৎপাদিত হয়।
২০১৩-১৪ অর্থবছরে দেশে ৭৫ দশমিক ০১ লাখ বেল পাট উৎপন্ন হয়েছে বলেও সংসদকে অবহিত করেন মন্ত্রী।
এএইচ





