সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে দুই জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।


আহতদের দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন দেবহাটার বালিয়াডাঙা গ্রামের শফিকুর রহমানের ছেলে মৎস্য ঘের শ্রমিক সাদ্দাম হোসেন (২৫) ও একই উপজেলার সেকেন্দারা গ্রামের করিম গাজীর ছেলে ইঞ্জিনভ্যান চালক ফরিদুল ইসলাম(১৮)।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাকিব (১৪) এবং আলিপুর গ্রামের রমজান আলীর ছেলে ইঞ্জিনভ্যান চালক মোশাররফ হোসেন (২৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চারদিকে শোরগোল লেগে যায়।

ঘটনার সময় সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পরে তিনি দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

জেআই