এ কে খন্দকারকে গাজীপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, গাজীপুর জেলা বার শাখা।
এ কে খন্দকার রচিত ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বিতর্কিত তথ্যে ভরা দাবি করে বইটি প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন তারা।
গাজীপুর জেলা শহরের একটি ক্লাবে আয়োজিত রোববার সকালে সংবাদ সম্মেলন করে তারা ওই ঘোষণা দেন।
একইসঙ্গে এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের উপর প্রদত্ত সকল খেতাব প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান।
সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দীক বলেন, এ কে খন্দকার তার সদ্য প্রকাশিত বইয়ে উল্লেখ করেছেন- ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জয় পাকিস্তান’ বলেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি। দিতে রাজি হননি।
মার্চের প্রথম দিকে স্বাধীনতার ঘোষণা দিলে অনেক অল্প ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন ইত্যাদি বক্তব্য বানোয়াট, অবিশ্বাস্য ও বিতর্কিত তথ্যে ভরা যা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।
সম্মেলনে বইটি বাজেয়াপ্ত ঘোষণা করা এবং এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের কারণে প্রদত্ত সকল খেতাব প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। সেই সঙ্গে বিতর্কিত বই প্রকাশ করায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে বই প্রকাশের প্রতিবাদে এ কে খন্দকারকে গাজীপুর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব মো. আছলাম হোসেন, সাংবাদিক মো. মুজিবুর রহমান ও এম নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- আইনজীবী মঞ্জুরুল হক, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান খান, মাসুম বিল্লাহ প্রমুখ।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





