নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও ভিজিএফ’র গম চুরির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সহ ৬ জনের নামে থানায় মামলা দায়ের।

মামলা সুত্রে জানা গেছে, ঈদুল ফিতর উৎসব উপলক্ষে গত ২৮ জুন  ভিজিএফ’ র কার্ডে বরাদ্দকৃত গম ৩ নং ওয়ার্ডের জনগনের মাঝে বিতরন না করিয়া চুরি করে বিক্রি করেন। গম চুরির প্রতিবাদ করায় ইউপি সদস্য আলমগীর হোসেনকে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে আহত করেছেন ওই ইউপি’র চেয়ারম্যান মতিয়ার রহমান ও তার সহযোগীরা।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় ইউপি সদস্য আলমগীরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। মাথায় আঘাত জনিত অধিক রক্তক্ষরনে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

খুলনায় চিকিৎসা শেষে ফিরে তিনি বাদী হয়ে চেয়ারম্যান মতিয়ার রহমানকে প্রধান আসামী করে শনিবার (৮ জুলাই) রাতে দন্ড বিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১০৬ পিসি, ধারায় ৬ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০।

ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, চেয়ারম্যান মতিয়ার রহমান গত বছর ঈদুল আযহা উৎসব পালনের জন্য গরীবদের  মাঝে বরাদ্দকৃত ভিজিএফ’র চাল হতে ২৫২ বস্তা চাল আত্মসাত করেন। এভাবে একের পর এক ভিজিএফ’র চাল চুরি করে চলেছেন।

ওই ঘটনাও বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র নজরে আসে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত’সহ কয়েকটি বিষয়ে দুদকের তদান্ত চলছে।

এছাড়া ৫টি প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনা দুদকের তদন্তে প্রমানিত হওয়ায় চেয়ারম্যান মতিয়ার সহ তার সহযোগীদের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন যশোর অঞ্চলের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম বাদী হয়ে গত ৩০ মে লোহাগড়া থানায় পৃথক ৫টি মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

হুমায়ুন/এমবি