মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে অন্তর (৭) নামে এক শিশুকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত এ ঘটনা ঘটে। অন্তর গাংনী উপজেলার বাওট গ্রামের সৌদি প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে ও স্থানীয় বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী সবুজের বাড়িতে আগুন দিয়েছে গ্রামবাসী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাওট স্কুল মাটে খেলা করছিল অন্তর। সন্ধ্যায় বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর গ্রামের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে বাওট স্কুলের একটি কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় অন্তরকে পাওয়া যায়। তাকে বামুন্দীর একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকরাম হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তরের প্রতিবেশি গোলাম মোস্তফার ছেলে সবুজকে আটকের চেষ্টা চলছে।





