ময়মনসিংহের শহরতলীতে পুলিশের সাথে কথিত 'বন্দুকযুদ্ধে' পুলিশেরই হেফাজতে থাকা গ্রেফতারকৃত আসামী নিহত হয়েছে। এই ঘটনায় আসামী মারা গেলেও কোন পুলিশ নিহত হওয়ার খবর পাওয়া যায় নি।

পুলিশের দাবি, নিহত আসামী নাঈম ছিনতাইকারী চক্রের সদস্য এবং এক কলেজছাত্র খুনের সাথে জড়িত থাকা সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, গত ১৯ জানুয়ারি কলেজ ছাত্র ইব্রাহিম খলির হত্যার ঘটনায় গতকাল বুধবার রাতে কৃষ্টপুর এলাকা থেকে নাঈমকে গ্রেফতার করা হয়।  

পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অন্য ছিনতাইকারীদের ধরতে বালুচরে যৌথ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ককটেল নিক্ষেপ ও পুলিশের দিকে গুলি ছুড়ে। পুলিশও পাল্টাগুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাঈম।

এ সময় আহত হয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই মাহবুব ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল রাশেদ। তাদের ময়মনসিংহ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরিত ককটেলের অংশ, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জেলা পুলিশের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেড