‘আয়কর প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ স্লোগানে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নোয়াখালীতে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় নোয়াখালী পৌর মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ।

এর আগে বেলা ১১টায় নোয়াখালী কর অঞ্চল সার্কেল-১২ এর সহকারী কর কমিশনার শাহীন সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কর কমিশনার ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হামিদ উল্যাহ, সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দিন চৌধুরী, চৌমুহনী কর আইন আইনজীবী সমিতির সভাপতি রতন লাল সাহা, কর আইনজীবী কাজী হারুনুর রশিদ প্রমুখ।

আয়কর মেলার আয়োজকরা জানান, ২০১৪-১৫ অর্থবছরে নোয়াখালীতে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ কোটি টাকা।

২০১৩-১৪ অর্থ বছরে নোয়াখালীতে আয়কর আদায়ের ৬৪ কোটি ৫০ লাখ টাকা লক্ষ্যমাত্রা থেকে ৩৭ কোটি ৫০ লাখ টাকা আদায় হয়েছে।

আয়কর মেলায় নোয়াখালীতে সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা জানানো হবে।

জেলার সর্বোচ্চ করদাতারা হলেন, মো ইসমাইল হোসেন, জহির উদ্দিন বাবর, এসএম হাসান শাহীন ও দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, বিনয় কুমার সাহা, মো বেলায়েত হোসেন।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই