রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলায় ‘সাজানো বন্দুকযুদ্ধে’ সিএনজিচালক শাহ আলমকে গুলি করার ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে বৃহস্পতিবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, আনোয়ারকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন ডিবি পরিদর্শক হুমায়ুন কবির।
বুধবার বিকালে তাকে আটক করা হয়। একই সঙ্গে এ ঘটনায় পরোক্ষভাবে জড়িত সন্দেহে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার রাতে এক অভিযানে তালতলাতে ছিনতাইকালে শাহ আলমসহ কয়েকজন সন্ত্রাসীকে আটকের চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে পারলেও শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করে পুলিশ।
অন্যদিকে এ সব অভিযোগ অস্বীকার করে শাহ আলমের পরিবার দাবি করে আসছিল, পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরে মিথ্যা মামলা দিয়ে শাহ আলমকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার পুরোটাই নাটক।
জেএ





