সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ থেকে পদত্যাগ গৃহীত হয়েছে। বৃহস্পতিবার সংসদে মাগরিবের বিরতির পর লতিফ সিদ্দিকীর পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার। তিনি জানান, লতিফ সিদ্দিকীর পদত্যাগপত্র গৃহীত হওয়ায় তার নির্বাচনী আসন টাঙ্গাইল-৪ এখন সংবিধান অনুযায়ী শূন্য।

স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ আমি এখন দশম জাতীয় সংসদের একজন সদস্যের পদত্যাগের বিষয় অবহিত করছি। জাতীয় সংসদের আসন ১৩৩ এবং টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর সংসদে উপস্থিত হয়ে নিজ আসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমার কাছে তিনি একটি পদত্যাগপত্র দিয়েছেন। আমি পদত্যাগপত্রটি গ্রহণ করা মাত্র সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী আসনটি শূন্য হয়ে যায়।’

হজ নিয়ে বির্তকিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী গত মঙ্গলবার সংসদে বক্তৃতা করে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি মহানবী (সা.), হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে অশোভন মন্তব্য করেন। এ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের মুখে ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ থেকে এবং পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাঁকে অপসারণ করা হয়। ২৪ অক্টোবর দল থেকে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করে আওয়ামী লীগ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা ১৭টি মামলায় উচ্চ আদালত জামিন দেয়ায় গত ২৯ জুন তিনি মুক্তি পেয়েছেন।

এআর