একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সারা দেশে ৫৭৭টি মামলা করা হয়েছে। এর বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ১০টি মামলার বিচার কার্যক্রম চলছে। এর মধ্যে ৪টি মামলার রায় অপেক্ষাধীন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের সাংসদ নিজামউদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

আনিসুল হক জানান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এযাবৎ সারা দেশে ৫৭৭টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১১২, খুলনায় ১৮৪, চট্টগ্রামে ৮৪, সিলেটে ৫০, রাজশাহীতে ৬৬, বরিশালে ৫১ ও রংপুরে ৩০টি মামলা করা হয়।

মন্ত্রী জানান, এ পর্যন্ত রায় প্রদানের মাধ্যমে ৯টি ও একজন আসামির মৃত্যুর কারণে ১০টি মামলার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। বর্তমানে ২টি ট্রাইব্যুনালে ১০টি মামলার বিচার কার্যক্রম চলছে।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ