মাগুরার মঘীরঢালে বালুর ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে রওশন আলী বিশ্বাস (৩৫) নামে এক ট্রাকশ্রমিক মারা গেছেন।
শনিবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৮ জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল ফাঁড়ির সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দগ্ধ রওশন আলী বিশ্বাসকে রাত আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, নিহত রওশন মাগুরা সদরের মালিক গ্রামের আব্দুস সালাম বিশ্বাসের ছেলে। একই ঘটনায় রওশনের ছোট ভাই ইলিয়াস হোসেনও (৩২) গুরুতর দগ্ধ হয়েছেন।
এর আগে শনিবার রাত ৮টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মাঘীরঢাল এলাকার মহাসড়কে বালুর ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৯ ট্রাকশ্রমিক গুরুতর দগ্ধ হন।
ঢামেকে ভর্তি দগ্ধরা হলেন- মাগুরা সদর উপজেলার মালিক গ্রামের নিহত রওশন বিশ্বাসের ছোট ভাই ইলিয়াস হোসেন (৩২), একই গ্রামের মতিন মিয়া (৩৫), আরব আলী (৩৮), ইয়াদুল হোসেন (৩০), শাকিল মিয়া (৩৫), নাজমুল হোসেন (৩৫), ফারুক মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২৫)।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশিষ বিশ্বাস জানান, পেট্রোলবোমায় দগ্ধদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, রাত ৮টার দিকে আড়পাড়ায় বালু নামিয়ে মাগুরায় ফেরার পথে সদর উপজেলার মঘীরঢাল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে।
নাশকতার এসব ঘটনায় ১২৬ জনের মতো প্রাণ হারিয়েছেন, যাদের অর্ধেকের বেশি আগুনে পুড়ে মারা গেছেন।
এএইচ





