ভোলার চরফ্যাশনে বাস-টেম্পু সংঘর্ষে আনিসুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

শুক্রবার বিকাল ৪টায় ভোলা-চরফ্যাশন সড়কের জনতা বাজার তেলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোস্তাফিজ (৪০), নুর জাহান (৩৫), জাহাঙ্গির (৩৫), হাসান (৩০) ও শাহিন (১২)। আহতদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বিকালের দিকে চরফ্যাশন থেকে একটি যাত্রীবাহী টেম্পু কর্তারহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টেম্পুটি ধুমড়ে-মুছড়ে যায়।

এতে টেম্পুর ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনিছু হক মারা যান। তার বাড়ি লালমোহন উপজেলার কর্তারহাট এলাকায়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটিতে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ