ঢাকার সাভারে একটি ৯ তলা ভবনের লিফট ছিঁড়ে লিফ অপারেটর জহিরুল ইসলাম মিশু (৩২) মৃত্যু হয়েছে।

রোববার (০৯ মে) সকালে রাজাশনের বিরুলিয়া রোডে একটি সোয়েটার কারখানার ৯তলা ভবনের তৃতীয় তলা থেকে লিফট ছিঁড়ে তার মৃত্যু হয়।

নিহত মো: জহিরুল ইসলাম মিশু স্ত্রী সন্তান নিয়ে সাভারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের কোয়ার্টারে থাকতেন।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টার দিকে ওই ভবনের তিন তলা থেকে লিফট ছিঁড়ে পরে যান জহিরুল। পরে ফায়ার সার্ভিস ও শ্রমিকদের চেষ্টায় তাকে গুরুতর আহত অবস্থায় বের করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারখানার মানব সম্পদ ও এডমিন বিভাগের ব্যবস্থাপক মো: সিরাজ মিয়া বলেন, আমি শুনেছি, লিফট ছিঁড়ে গেছে। তবে কেউ মারা গেছেন কিনা জানি না। আমি রাস্তায় আছি, কারখানায় যাচ্ছি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, একটি কারখানার লিফট ছিঁড়ে একজন মারা গেছেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব। মরদেহটি এখনো এনাম মেডিক্যালেই রয়েছে।