কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১৫ জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। উদ্ধারকৃত নারীর নাম মালা আক্তার পলি (২৫) বলে জানা যায়।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনাস্থল বৈরাগীর চর তেকে ৫০ কি.মি. ভাটিতে কুমারখালী উপজেলার জদু বয়রা এনায়েতপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মালা আক্তার পলি নিখোঁজ সন্ধ্যার মা। মালার চাচা বুলবুল লাশটি শনাক্ত করেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঈদ উপলক্ষে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কমপক্ষে ২০/২২ জন ইঞ্জিন চালিত একটি ছোট নৌকায় বৈরাগীর চর ঘাট থেকে নদীর মধ্যবর্তী একটি চরে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর প্রবল ঢেউয়ের মুখে নৌকাটি উল্টে যায়। এতে ১৫ জন নিখোঁজ হয়।
নিখোঁজদের উদ্ধারে খুলনা থেকে ডুবুরিদের একটি দল অভিযান চালাচ্ছে। এতে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন সহায়তা করছে।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





