গাইবান্ধার পলাশবাড়ীতে আনন্দমেলায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুটি কার ও ৩টি মোটরসাইকেলসহ বেশকিছু মালামাল ভস্মিভূত হয়ে যায়।
জানা যায়, আনন্দমেলায় সার্কাসের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন ও হাউজিসহ বিভিন্ন জুয়ার আসর চলে আসছিল।
এলাকাবাসী জানান, আমলাগাছী হাটে দীর্ঘদিন থেকে সালমা নিউ সার্কাসের নামে অশ্লীল নৃত্য ও নারীরের নগ্ন শরীর প্রদর্শন এবং হাউজিসহ বিভিন্ন জুয়ার আসর চলে আসছিল। এর প্রতিবাদ জানিয়ে কোনো কাজ না হওয়ায় আজ শুক্রবার সকালে শত শত বিক্ষুদ্ধ এলাকাবাসী আনন্দমেলায় হামলা চালিয়ে ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে দুটি কার ও তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র জানান, প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।
পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





