মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন।
শুক্রবার (০৪ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা হলেন- হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।
ওসি রেজাউল করিম জানান, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থেকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। দুপুর পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ৭ জন নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানায় ওসি।
এমবি





