বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে এবং উন্নয়ন-প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ গণমাধ্যমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণের ব্যাপারে সতর্ক করতে প্রেস কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি চন্দ্রামুলি কুমার প্রসাদের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতাকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে এবং সঠিক তথ্যের ভিত্তিতে যেন সংবাদ পরিবেশন করা হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে পরামর্শ দেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, কাউন্সিলের সদস্য গোলাম সারওয়ার ও আকরাম হোসেন খান এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন: রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বঙ্গভবনে একটি সুইমিংপুল নির্মাণকাজের ফলক উন্মোচন করেছেন। ১২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে প্রেসিডেন্ট ভবনের আবাসিক ব্লকে এটি নির্মাণ করা হবে।
সুইমিংপুল কমপ্লেক্সের নির্মাণকাজ তদারক করবে গণপূর্ত অধিদপ্তর। ১০ মাসের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এসএ